আফগান বাহিনীর গুলিতে নিহত ৬ পাকিস্তানি
আফগানিস্তানের সীমান্ত বাহিনীর গুলিতে ছয় বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ পাকিস্তানি আহত হয়েছেন।
রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, বেলুচিস্তানের চামান জেলায় বিনা প্ররোচনায় আফগান সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। আফগান সীমান্তরক্ষী বাহিনী কামান ও মর্টারের ভারী গোলাবর্ষণ করেছে। পাকিস্তান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেলুচিস্তান সরকারকে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পূর্ণ সহায়তার নির্দেশ দিয়ে বলেন, পাক-আফগান চামান সীমান্তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর খবর ‘অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক’।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ





